Loading...
Air Officer Commanding, Bangladesh Air Force Base Bir Uttam A K Khandakar
&
Chairman, College Governing Body
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত "বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা" দেশের সুপরিচিত এবং খ্যাতনামা একটি শিক্ষা প্রতিষ্ঠান। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ঢাকা সেনানিবাসের এক মনোমুগ্ধকর ও নয়নাভিরাম পরিবেশে। 'শিক্ষা-সংযম-শৃঙ্খলা' এই মূলমন্ত্রকে ধারণ করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি এবং বর্তমানে এটি দেশের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অভিজ্ঞ এবং যোগ্য শিক্ষকদের নিবিড় পরিচর্যায় কোমলমতি শাহীন শিক্ষার্থীদেরকে প্রকৃত দেশপ্রেমিক, আদর্শবান, সুশৃঙ্খল এবং সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি সচেষ্ট এবং প্রতিশ্রুতিবদ্ধ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবন ও কর্মমুখী শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন ক্লাব ও সেবামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে উক্ত প্রতিষ্ঠান নিরলস চেষ্টা করে যাচ্ছে। শিক্ষার মান, ফলাফল, শৃঙ্খলা এবং বহুমাত্রিক সাফল্যের এক অনন্য পাদপীঠে পরিণত হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। আমি আশা করি দেশপ্রেম চেতনায় উজ্জীবিত হয়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসাবে গড়ে তুলবে এবং অত্র প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে।
বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায় রয়েছে উচ্চ প্রযুক্তি এবং আধুনিক সকল সুযোগ সুবিধায় সমৃদ্ধ একটি কলেজ ভবন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে প্রভাতী ও দিবা শাখা চালু রয়েছে। অত্র প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অভিভাবক অপেক্ষাগার, প্রাথমিক চিকিৎসা-কেন্দ্র, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, অত্যাধুনিক বিজ্ঞান গবেষণাগার, মানসম্মত ক্যাফেটেরিয়া, বাস্কেটবল গ্রাউন্ড, শহিদ মিনারসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। এজন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
Principal, BAF Shaheen College Kurmitola
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত দেশের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের এক মনোরম এবং সুনির্মল পরিবেশে অবস্থিত। নগর জীবনের কোলাহল এবং যানজট মুক্ত, অরাজনৈতিক ও সম্পূর্ণ নিরাপদ এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। ১৯৭২ সালে "এয়ারফোর্স স্কুল" নামে এই প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়; ১৯৮০ সালে এটির নামকরণ করা হয় "বিএএফ শাহীন স্কুল" এবং ১৯৮২ সালে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করে পুনরায় নামকরণ করা হয় "বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা"। শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পাঠদান করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে।
বিমান বাহিনী কর্তৃক পরিচালিত সাতটি শাহীন কলেজের মধ্যে শিক্ষার গুণগত মান, ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমের বিবেচনায় এটি অন্যতম ও অদ্বিতীয়। এই প্রতিষ্ঠানের প্রাণ হল শিক্ষা-সংযম-শৃঙ্খলা। একঝাঁক দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষকের সরাসরি সান্নিধ্যে কোমলমতি শিক্ষার্থীদের শেখার ও তাদের সুকুমারবৃত্তি চর্চার অপূর্ব সুযোগ রয়েছে এখানে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম, দেশপ্রেম এবং মানবতাবাদের মহান শিক্ষার অবারিত দ্বার উন্মোচন করে দেয় এই প্রতিষ্ঠানটি।
দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক ভবন, ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ শ্রেণিকক্ষ, সিসি ক্যামেরা, একটি অনন্য পাঠাগার, দুটি সুবিশাল খেলার মাঠ, বিশাল অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, বিজ্ঞান গবেষণাগার ও কম্পিউটার ল্যাবসহ শিক্ষার সকল উপকরণে সমৃদ্ধ এই কলেজ। বুয়েট, মেডিক্যাল ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। ২০২২ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত Science and Invention Fair-এ অত্র কলেজের একজন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করে; এবং জুলাই ২০২৪-এ অনুষ্ঠিত 1st South Asian School Combat Games-2024 (তায়কোয়ানডো)-তে অত্র কলেজের মেয়েদের দল চ্যাম্পিয়ন ও ছেলেদের দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিষ্ঠানের সকলকে জানাচ্ছি আমার প্রাণঢালা অভিনন্দন।